সিরাজগঞ্জের দুই সংসদ সদস্য নতুন মন্ত্রিসভায় যোগ দিতে ডাক পেয়েছেন; তারা সম্পর্কে মামা ও ভাগ্নে।
মঙ্গলবার সকালে তারেক রহমানের মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাদের ফোন করা হয়েছে।
তারা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ আসনের এমপি এম এ মুহিত।
টুকুর ব্যক্তিগত সহকারী মোস্তফা আলাল নোমান তাদের ফোন পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
টুকু এর আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবারসহ তৃতীয়বারের মত সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।
তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এম এ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবার প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এম এ মতিনের ছেলে।
সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের তরফে জানা যাচ্ছে এবারও টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন।
অপরদিকে তার ভাগ্নে মুহিত ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রলায়ের প্রতিমন্ত্রী হতে পারেন।
মঙ্গলবার সকালে সংসদে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা ইতোমধ্যে শপথ নিয়েছেন। বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের শপথ নেওয়ার কথা।
এর আগে সিরাজগঞ্জ থেকে একাধিক ব্যক্তি মন্ত্রী হলেও এবারই প্রথম একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দুটি পদ পাচ্ছেন।
এ খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের অভিনন্দন জানিয়ে ফেইসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।








