বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

খালেদা জিয়ার কবরে পাকিস্তানের সিনিয়র মন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ সফরে এসে বিএনপির সাবেক চেয়ারপারসন এবং তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের সিনিয়র কেবিনেট মিনিস্টার আহসান ইকবাল। নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে মঙ্গলবার (১৭ ফেব্রুয়া‌রি) ঢাকা সফরে আসেন পাকিস্তানি এ মন্ত্রী। পরে তিনি খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আহসান ইকবাল লিখেছেন, গণতান্ত্রিক সংগ্রামের প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম। খালেদা জিয়া শুধু সাবেক প্রধানমন্ত্রী নন, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ও তার দলের নেত্রীও ছিলেন।

তিনি লেখেন, গণতন্ত্র সুসংবদ্ধ করতে এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করতে তার ভূমিকা আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তার উত্তরাধিকার আজও বেঁচে আছে তার ছেলের গণতান্ত্রিক সাফল্যের মধ্য দিয়ে, যিনি জনগণের প্রতি আস্থা এবং তার দূরদর্শিতার প্রতিফলন অব্যাহত রেখেছেন।

তিনি আরও লেখেন, বাংলাদেশ ও পাকিস্তান যৌথ আকাঙ্ক্ষা নিয়ে দুটি দেশ; ইতিহাস ও ভবিষ্যতের আশায় সংযুক্ত। আমরা অতীতকে সম্মানের সঙ্গে স্বীকার করি। বাণিজ্য, যুব, জলবায়ু পরিবর্তন এবং প্রযুক্তি খাতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *