বুধবার, ১ এপ্রিল ২০২৬

সবশেষ

হত্যা মামলায় ইউটিউবার ফাহিম কারাগারে

রাজধানীর গুলশানে মো. ইমরান নামের এক যুবক নিহতের ঘটনায় করা হত্যা মামলায় ইউটিউবার আর এস ফাহিম চৌধুরীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ সোমবার দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ আসামিপক্ষের আইনজীবীরা তাঁর (ফাহিমের) জামিন আবেদন করেন। তবে তাঁরা জামিন শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্যের আবেদন জানান। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামীকাল মঙ্গলবার জামিন শুনানির দিন ধার্য করেছেন।

এর আগে গতকাল রোববার বিকেলে রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করেন একদল শিক্ষার্থী ও জনতা। পরে তাঁকে শাহ আলী থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। সেখান থেকে তাঁকে গুলশান থানায় হস্তান্তর করা হয়।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (জুলাই গণ–অভ্যুত্থান) চলাকালে গুলশানের শাহজাদপুরে সুবাস্তু মার্কেটের সামনে হাজারো ছাত্র-জনতা মিছিল করছিলেন। তৎকালীন সরকার ও ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের নির্দেশনায় আন্দোলন দমনে আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ), এর অঙ্গসংগঠনের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ওপর নির্বিচার গুলি বর্ষণ করেন।

এ সময় মো. ইমরান (৩০) নামের এক যুবক কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে স্লোগান দিলে অজ্ঞাতনামা আসামিদের গুলিতে গুরুতর আহত হন। পরে তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টা ৫ মিনিটে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় ২০২৫ সালের এপ্রিলে গুলশান থানায় একটি হত্যা মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *