মালয়েশিয়ায় ই-পাসপোর্ট সেবা নিতে যাওয়া কয়েকজন বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা। এ ঘটনার পর দাপ্তরিক প্রয়োজনে চলাচলের সময় বৈধ ও প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখার জন্য প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বার্তায় হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের আটকের জন্য দেশজুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে ওই দিন কুয়ালালামপুরের ই-পাসপোর্ট সেবা কেন্দ্রের বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল ভবনের আশপাশে অভিযান চালায় ইমিগ্রেশন কর্মকর্তারা। এ সময় ভবনের নিচতলায় অবস্থান করা কিছু বাংলাদেশিকেও সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।
ঘটনাটি হাইকমিশনের নজরে আসার পরপরই মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়কে বিষয়টি জানানো হয়। পরে ইমিগ্রেশন পুলিশ সেবা নিতে আসা ব্যক্তিদের পাসপোর্ট এনরোলমেন্টের অ্যাপয়েন্টমেন্ট এবং পাসপোর্ট ডেলিভারি স্লিপ পরীক্ষা করে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।
এ পরিস্থিতিতে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের যেকোনো দাপ্তরিক কাজে বাইরে বের হওয়ার সময় প্রয়োজনীয় ও বৈধ নথিপত্র সঙ্গে রাখার পরামর্শ দিয়েছে হাইকমিশন।
মালয়েশিয়া সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত
হাইকমিশন জানিয়েছে, ঘটনাটি নিয়ে মালয়েশিয়ার সরকারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে নিয়মিত যোগাযোগ করছে বাংলাদেশি মিশন।
এদিকে মালয়েশিয়ায় অনথিভুক্ত অভিবাসীদের শনাক্ত ও আটকের লক্ষ্যে দেশটির ইমিগ্রেশন বিভাগ দেশব্যাপী সাঁড়াশি অভিযান চালাচ্ছে। এসব অভিযানে এরই মধ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি আটক হয়েছেন।
আটক বাংলাদেশি নাগরিকদের দ্রুত ও নিরাপদে দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা করতে বিভিন্ন আটক কেন্দ্র নিয়মিত পরিদর্শন করছে বাংলাদেশ হাইকমিশন। সেখানে আটক থাকা বাংলাদেশিদের বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রমও চালিয়ে যাচ্ছে দূতাবাস।








