মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সবশেষ

জলপাই রঙে আসছে বাংলাদেশ পুলিশের নতুন ইউনিফর্ম

বাংলাদেশ পুলিশের পোশাকের নকশা ও বিধিমালায় পরিবর্তনের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক দাপ্তরিক চিঠিতে নতুন নকশার একটি নমুনা ইউনিফর্মও উপস্থাপন করা হয়েছে।

পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখা ‘পুলিশ ড্রেস রুলস, ২০২৫’ সংশোধনের প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে। অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, আগে শার্টের রঙ লোহার মতো ধূসর এবং প্যান্টের রঙ কফি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যে এ নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়, পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও নেতিবাচক আলোচনা শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্মকর্তারা রঙ পুনর্নির্ধারণের উদ্যোগ নেন।

নতুন প্রস্তাব অনুযায়ী, দেশের সব মেট্রোপলিটন পুলিশের শার্ট হবে হালকা অলিভ বা জলপাই রঙের। অন্যদিকে এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব বাদে পুলিশের অন্যান্য ইউনিটের শার্টের রঙ নির্ধারণ করা হয়েছে গাঢ় নীল। উভয় ক্ষেত্রেই প্যান্টের রঙ রাখা হয়েছে খাকি (টিসি টুইল)।

এই পরিবর্তন কার্যকর করতে প্রয়োজনীয় আইনি সংশোধনের খসড়া ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ইউনিফর্ম পরিবর্তনের ফলে সরকারের ওপর অতিরিক্ত কোনো আর্থিক চাপ পড়বে না, কারণ বিদ্যমান বাজেটের মধ্যেই নিয়মিত সরবরাহ ব্যবস্থার মাধ্যমে এটি বাস্তবায়ন করা সম্ভব।

দ্রুত প্রজ্ঞাপন জারির মাধ্যমে নতুন পোশাক চালুর উদ্যোগ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বাহিনীর সদস্যদের সন্তুষ্টি বৃদ্ধি এবং পেশাগত গাম্ভীর্য বজায় রাখার লক্ষ্যেই এই পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *