কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে।
নিহত নির্মাণশ্রমিকের নাম রবিউল ইসলাম (২২)। তিনি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোছাইনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাঁকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার পর কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার অংশে সংস্কারকাজ চলছিল। রবিউলসহ কয়েকজন শ্রমিক সেখানে কাজ করছিলেন। রাত দেড়টার দিকে মাথায় সিমেন্টের ডালা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন রবিউল। এ সময় টেকনাফমুখী তরমুজবোঝাই পিকআপ ভ্যানটি তাঁকে সজোরে ধাক্কা দেয়।
দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি নিয়ে দ্রুতগতিতে ঘটনাস্থল থেকে পালিয়ে যান চালক। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পালানোর সময় চালক সামনে যা পেয়েছেন, তা-ই ধাক্কা দিতে দিতে এগিয়ে গেছেন। কোটবাজার এলাকা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে উখিয়া থানা ফটকের সামনে স্থানীয় লোকজন কয়েকটি সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশার ব্যারিকেড দিয়ে পিকআপ ভ্যানটি আটকানোর চেষ্টা করেন। তবে সেখানেও পিকআপ ভ্যানটি থামেনি; বরং চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে এগিয়ে যায়। পরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকায় পিকআপ ভ্যানটি রেখে পালিয়ে যান চালক।
ঘটনার প্রত্যক্ষদর্শী উখিয়া সদরের ব্যবসায়ী আমিন শরীফ বলেন, পালানোর সময় পিকআপটি মহাসড়কে একধরনের তাণ্ডব চালায়। সামনে যা পেয়েছে, ধাক্কা দিয়েছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
কোটবাজার এলাকার ব্যবসায়ী মোহাম্মদ হারুন বলেন, ‘আমরা মোটরসাইকেলে করে পিছু নিয়েও পিকআপটি আটকাতে পারিনি। দ্রুতগতিতে পালানোর সময় গাড়িটি একাধিক যানবাহন ক্ষতিগ্রস্ত করেছে।’
শাহপরী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের সহায়তায় রাত দুইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের নয়াপাড়া এলাকা থেকে পিকআপটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। তাঁকে শনাক্ত করে গ্রেপ্তার ও মামলার প্রক্রিয়া চলছে।








