সোমবার, ৪ মে ২০২৬

সবশেষ

হরমুজ প্রণালিতে তেলের ট্যাংকারে হামলা হয়েছে, স্বীকার করল আমিরাত

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবারও উত্তেজনার কেন্দ্রবিন্দুতে। সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তাদের একটি তেলের ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই ধরনের হামলা আন্তর্জাতিক নৌ চলাচলের নিরাপত্তার জন্য হুমকি। তারা এটিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ২৮১৭-এর সরাসরি লঙ্ঘন বলেও উল্লেখ করেছে। ওই প্রস্তাবে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

আমিরাতের অভিযোগ, বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করা এবং প্রণালিটিকে অর্থনৈতিক চাপ প্রয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক। তারা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের কর্মকাণ্ডকে ‘জলদস্যুতার’ সঙ্গে তুলনা করেছে এবং এটিকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি হুমকি হিসেবে দেখছে।

এ ঘটনার পর ইরানকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে হরমুজ প্রণালি অবাধভাবে চালু রাখার দাবি জানিয়েছে আমিরাত।

অন্যদিকে, এর আগেই ইরানি সংবাদমাধ্যম ফারস নিউজ এজেন্সি দাবি করেছিল, জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, সতর্কতা উপেক্ষা করায় ওই পদক্ষেপ নেওয়া হয়।

তবে এই দাবি নাকচ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কোনো নৌযানে হামলার ঘটনা ঘটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *