মঙ্গলবার, ১২ মে ২০২৬

সবশেষ

ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ড্রোন হামলায় দুই বাংলাদেশিসহ তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আরেকজন সিরিয়ার নাগরিক বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

সোমবার (১১ মে) প্রকাশিত এক প্রতিবেদনে সংবাদমাধ্যম লরিয়েন্ট টুডে জানায়, নাবাতিহ জেলার জেবদিন এলাকায় একটি বাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তবে নিহত বাংলাদেশিদের পরিচয় বা নাম এখনো প্রকাশ করা হয়নি।

প্রতিবেদন অনুযায়ী, নিহতরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কাজ করতেন। ধারণা করা হচ্ছে, রোববার হামলাটি সংঘটিত হয়েছে।

যুদ্ধবিরতি কার্যকর থাকার কথা থাকলেও দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে বিমান ও ড্রোন হামলার পাশাপাশি আবাসিক এলাকাতেও আঘাত হানার অভিযোগ উঠেছে।

অন্যদিকে, ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। সোমবারও ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে বলে জানা গেছে।

এর আগে, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা দেন। তবে সেই সমঝোতার পরও দক্ষিণ লেবাননে ইসরায়েলি অভিযান থামেনি বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে হিজবুল্লাহ সদস্যদের টার্গেট করার পাশাপাশি সাধারণ মানুষের ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এসব হামলার জবাবে হিজবুল্লাহও পাল্টা আক্রমণ চালিয়ে যাচ্ছে, ফলে সীমান্তজুড়ে নতুন করে উত্তেজনা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *