চলতি মে মাসের প্রথম ১০ দিনেই দেশে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য উল্লম্ফন দেখা গেছে। এই সময়ে রেমিট্যান্স এসেছে ১২৮ কোটি মার্কিন ডলার, যা প্রতিদিন গড়ে প্রায় ১২ কোটি ৮০ লাখ ডলার।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময়ে এই অঙ্ক ছিল ৯০ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ১০ মে পর্যন্ত মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩ হাজার ৬১ কোটি ৩০ লাখ ডলার। এই সময়ে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০ দশমিক ৩০ শতাংশ।
এর আগে, গত এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার। মার্চে এই অঙ্ক ছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা দেশের ইতিহাসে একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড গড়ে।
ফেব্রুয়ারি ও জানুয়ারি মাসেও শক্তিশালী প্রবাহ বজায় থাকে। ওই দুই মাসে যথাক্রমে আসে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার ডলার। ডিসেম্বর মাসে রেমিট্যান্স আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার, আর নভেম্বরে আসে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার।
এর আগের মাসগুলোতেও ধারাবাহিক প্রবাহ দেখা গেছে। অক্টোবর ও সেপ্টেম্বরে আসে যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার এবং ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে আসে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
অন্যদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে।








