মঙ্গলবার, ১২ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমিরাতে গিয়েছিল ইসরায়েলি সেনারা

ইরানের সঙ্গে সংঘাতের সময় সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হুকাবি।

মঙ্গলবার (১২ মে) এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সম্ভাব্য হামলা মোকাবিলায় আমিরাতে আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা পাঠিয়েছিল ইসরায়েল। শুধু প্রযুক্তি নয়, সেগুলো পরিচালনার জন্য ইসরায়েলি সেনারাও সেখানে অবস্থান করেছিল।

হুকাবির ভাষ্য, ২০২০ সালের আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুফল পেয়েছে সংযুক্ত আরব আমিরাত। তিনি বলেন, আব্রাহাম চুক্তিতে যুক্ত হওয়ার সুবিধা এখন স্পষ্ট। ইসরায়েল আমিরাতে আয়রন ডোম ব্যাটারি এবং তা পরিচালনার জন্য সেনা পাঠিয়েছে।

তার এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল ও আমিরাতের মধ্যকার সামরিক সহযোগিতার গভীরতা নতুন করে সামনে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মার্কিন রাষ্ট্রদূত আরও বলেন, ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের আরও কয়েকটি দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিতে পারে বলে তিনি আশা করছেন।

উল্লেখ্য, ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া আব্রাহাম চুক্তির মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদান ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

পরবর্তীতে সৌদি আরবও একই পথে এগোচ্ছিল বলে আলোচনা ছিল। তবে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা এবং এর পর গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হলে সৌদি আরব সেই প্রক্রিয়া থেকে সরে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *