শনিবার, ২৩ মে ২০২৬

সবশেষ

দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে: প্রধানমন্ত্রী

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো চেষ্টা প্রতিহত করতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, মানুষের অধিকার ও ভবিষ্যৎ নিয়ে আর কাউকে খেলতে দেওয়া হবে না। দেশের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনে সম্মিলিতভাবে সবাইকে কাজ করতে হবে।

শনিবার ময়মনসিংহের ত্রিশালে খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। কিন্তু কিছু গোষ্ঠী বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। বিশেষ করে আলোচিত রামিসা হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষ্য, অন্তর্বর্তী সরকারের সময় যারা নীরব ছিল, তারাই এখন নানা ইস্যুতে সরব হয়ে উঠেছে। তিনি অভিযোগ করেন, ৫ আগস্টের পর বিতাড়িত শক্তিগুলোর সঙ্গে গোপনে যোগাযোগ রেখে তারা পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে সরকারের চলমান জনকল্যাণমূলক কার্যক্রম ব্যাহত হবে এবং সাধারণ মানুষই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তাই যারা বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে বা মানুষকে বিভ্রান্ত করতে চায়, তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

বিএনপির উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে একটি মহল ষড়যন্ত্র করছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তবে জনগণের শক্তির কাছে যেকোনো ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দেশের অগ্রগতির জন্য জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, “দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে একসঙ্গে কাজ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *