ফরিদপুরের নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পাঁচ জনের। ঢাকা-বরিশাল মহাসড়কের শংকরপাশা এলাকায় রোববার (২৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের তীব্রতায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা পাঁচজনের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে পুলিশ। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন জানান, ভাঙ্গা থেকে ফরিদপুরগামী বিআরটিসি বাসটির সঙ্গে বিপরীতমুখী অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। নিহতরা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।








