বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সবশেষ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর তারিখ জানালেন হাইকমিশনার

বাংলাদেশিদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা ভারতের ট্যুরিস্ট ভিসা আবারও চালু হতে যাচ্ছে। আগামী রোববার (২৮ জুন) থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু করবে ভারত।

বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ট্যুরিস্ট ভিসার নিয়মিত আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হচ্ছে। এখন থেকে আগ্রহীরা ভিসার জন্য আবেদন জমা দিতে পারবেন। তবে তিনি জানান, মানবিক কারণে জরুরি মেডিকেল ভিসা আগের মতোই চালু থাকবে।

হাইকমিশনার আরও বলেন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনায় অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে অন্যান্য শহরেও ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে জানানো হয়।

এর আগে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পরিচয়পত্র পেশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শুরু করেন দীনেশ ত্রিবেদী। তিনি গত ১২ জুন বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হিসেবে যোগ দেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা বন্ধ ছিল প্রায় দুই বছর। তবে এই সময়েও সীমিত পরিসরে মেডিকেল ও বাণিজ্যিক ভিসা চালু ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *