রবিবার, ৫ জুলাই ২০২৬

সবশেষ

শাহজালালে বোর্ডিং পাস নিয়েও মালয়েশিয়াগামী বিমানে উঠেনি ৭৬ যাত্রী, তদন্তে নানা প্রশ্ন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে টিকিট থাকা সত্ত্বেও ৭৬ যাত্রী শেষ পর্যন্ত যাত্রা করতে পারেননি। এর মধ্যে ৬১ জন বোর্ডিং পাস সংগ্রহ করেও উড়োজাহাজে ওঠেননি, আর ১৫ জনকে বিভিন্ন ধাপে আটকে দেওয়া হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি সূত্র জানায়, শনিবার রাতের বিজি-৩৮৬ ফ্লাইটে মোট ২৮৮ জন যাত্রীর টিকিট ছিল। তবে ইমিগ্রেশন বিভাগ ১০ জনকে বিদেশযাত্রার অনুমতি দেয়নি। আরও পাঁচজনকে বোর্ডিং গেটে আটকে দেওয়া হয়। এরপর বোর্ডিং পাস নেওয়া আরও ৬১ যাত্রী নির্ধারিত সময়ের মধ্যে বোর্ডিং গেটে উপস্থিত হননি। ফলে রাত সাড়ে ৮টার দিকে ২১২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বক্তব্য জানতে সংস্থাটির মুখপাত্র বোসরা ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফোনের পাশাপাশি খুদে বার্তাও পাঠানো হলেও তিনি সাড়া দেননি।

ইমিগ্রেশন পুলিশের একটি সূত্রের দাবি, একটি চক্রের মাধ্যমে এসব যাত্রীর মালয়েশিয়া যাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। যাদের আটকে দেওয়া হয়েছে, তারা সেখানে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলেও জানিয়েছে সূত্রটি।

বিমানবন্দরের প্রচলিত নিয়ম অনুযায়ী, যাত্রীরা প্রথমে এয়ারলাইনসের কাউন্টারে ব্যাগেজ জমা দিয়ে বোর্ডিং পাস সংগ্রহ করেন। এরপর ইমিগ্রেশন কাউন্টারে পাসপোর্ট ও ভিসা যাচাই শেষে বিদেশযাত্রার অনুমতি পান। সব প্রক্রিয়া শেষ হওয়ার পর বোর্ডিং গেটে গিয়ে উড়োজাহাজে ওঠেন।

সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, এ ঘটনায় ভিসা যাচাই প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছে। তাদের দাবি, যাত্রীদের ভিসা যথাযথভাবে পরীক্ষা না করেই ‘ভেরিফায়েড’ হিসেবে বিবেচনা করে চেক-ইন কাউন্টার থেকে বোর্ডিং পাস ইস্যু করা হয়েছিল। এমনকি ইমিগ্রেশনও তাদের বিদেশযাত্রার অনুমতি দেয়। কিন্তু বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ই-ভিসা জাল বলে শনাক্ত হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিচালনা করে পুলিশের বিশেষ শাখা (এসবি)। সংস্থাটির এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, কয়েকজন যাত্রীর পাসপোর্ট ও ভিসার তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যাওয়ায় তাদের ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয়। এরপর ওই ঘটনার পর অন্য কয়েকজন যাত্রী বিমানবন্দর ছেড়ে চলে যান বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *