দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) পুনরায় সক্রিয় করার বিষয়ে সদস্য দেশগুলোর আগ্রহ থাকলেও ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের উত্তেজনা এ অঞ্চলে পারস্পরিক রাজনৈতিক আস্থার সংকট তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
সোমবার (৬ জুলাই) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত সার্কবিষয়ক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর সার্কভুক্ত প্রতিটি সদস্য রাষ্ট্রের সঙ্গে পৃথকভাবে আলোচনা করা হয়েছে। এসব আলোচনায় অংশ নেওয়া দেশগুলো সার্ককে আরও কার্যকর ও সক্রিয় করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
তিনি বলেন, ভারত-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েনের কারণে সার্কের অন্যান্য সদস্য দেশের মধ্যে রাজনৈতিক বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে, যা আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রেও প্রভাব ফেলছে।
শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে সার্ক এবং বিমসটেককে প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখার সুযোগ নেই। বরং দুটি প্ল্যাটফর্ম পরস্পরের পরিপূরক হিসেবে কাজ করে এ অঞ্চলের উন্নয়ন ও সহযোগিতা জোরদারে ভূমিকা রাখতে পারে।








