আগামী অক্টোবর মাস থেকে ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনার কথা জানিয়েছে সরকার। নির্বাচন কমিশন ইতোমধ্যে এ নির্বাচন আয়োজনের জন্য একটি রোডম্যাপ প্রস্তুতের কাজ করছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী বছরের অক্টোবরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে।
মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ তথ্য জানান।
ব্রিফিংয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে এবং নির্বাচন পরিচালনার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ তৈরি করা হচ্ছে।
এ সময় সাম্প্রতিক অতিরিক্ত বিদ্যুৎবিল নিয়ে ওঠা অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তথ্য উপদেষ্টা। তিনি জানান, গত জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎবিল পাওয়ার অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
খাদ্য নিরাপত্তার বিষয়ে সরকার কঠোর অবস্থান নিচ্ছে জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের বিভিন্ন পর্যায়ে অতিরিক্ত রাসায়নিক ব্যবহার জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। এ পরিস্থিতি মোকাবিলায় খাদ্য ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্টদের সচেতন করার উদ্যোগের পাশাপাশি অনিরাপদ খাদ্য ব্যবস্থাপনা রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
সাভারে এনসিপির জনসভায় ককটেল বিস্ফোরণের ঘটনার বিষয়ে তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কটূক্তিমূলক মন্তব্যের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তবে বর্তমান আইনি কাঠামো অনুযায়ী এসব মন্তব্য সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হয় না। ভবিষ্যতে এ ধরনের বিষয়কে ক্রিমিনাল অফেন্স হিসেবে অন্তর্ভুক্ত করা হবে কি না, তা নিয়ে আলোচনা হতে পারে।
কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের বিষয়ে তিনি বলেন, ভারতের অবস্থান করে যারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের মধ্যে অনেকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং কারও কারও সাজাও হয়েছে। তাদের বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়টি রয়েছে। তবে এসব ব্যক্তির দেশের পরিস্থিতিতে উল্লেখযোগ্য প্রভাব বিস্তারের সক্ষমতা আছে বলে তিনি মনে করেন না।








