বুধবার, ৮ জুলাই ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে অপেক্ষার নির্দেশ, আগাম লেনদেন না করতে সতর্ক করল সরকার

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসা পর্যন্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ কিংবা অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। একই সঙ্গে আগাম মেডিক্যাল পরীক্ষা করানো বা এ–সংক্রান্ত কোনো অর্থ পরিশোধ থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) জারি করা এক জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সরকারিভাবে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত কেউ যেন চাকরির প্রক্রিয়া শুরু বা আর্থিক লেনদেনে জড়িত না হন।

বিজ্ঞপ্তিতে রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতিও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়, সরকারি অনুমোদন ছাড়া কোনো এজেন্সি মালয়েশিয়াগামী কর্মীদের সঙ্গে চুক্তি করতে পারবে না। পাশাপাশি পাসপোর্ট সংগ্রহ, মেডিক্যাল টেস্টের ব্যবস্থা করা কিংবা কোনো ধরনের অর্থ গ্রহণ বা লেনদেন থেকেও বিরত থাকতে হবে।

মালয়েশিয়ায় কর্মসংস্থান-সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্য জানাতে দেশের ভেতর থেকে প্রবাসী কল সেন্টারের ১৬১৩৫ নম্বরে এবং বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

এ ছাড়া মালয়েশিয়া-সংক্রান্ত ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো. হেদায়েতুল ইসলাম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ রাখা হয়েছে। তার টেলিফোন নম্বর +০২-৪১০৩০২৪১, ই-মেইল dsemployment1@probashi.gov.bd এবং মোবাইল নম্বর ০১৭১৬০৪৮১১৫।

মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার (৭ জুলাই) প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী মালয়েশিয়ার শ্রমবাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হওয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর কিছু মহলে বিভ্রান্তি তৈরি হয়। সেই ভুল বোঝাবুঝি দূর করতেই এই জরুরি সতর্কতামূলক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *