বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার আশ্বাসে প্রতারণার শিকার হওয়া শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে রাজধানীর ভাটারা থানা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং আত্মসাৎ করা অর্থ ফেরতের দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) থানায় অবস্থান নেন শত শত ভুক্তভোগী।
সরেজমিনে দেখা যায়, বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের শরণাপন্ন হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভে মুখর ছিল থানা প্রাঙ্গণ। তাদের অভিযোগ, বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে একটি সংঘবদ্ধ চক্র কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এতে শুধু অর্থের ক্ষতিই হয়নি, নষ্ট হয়েছে মূল্যবান সময়, উচ্চশিক্ষার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনাও।
এ ঘটনায় দায়ের হওয়া মামলায় চক্রের এক সদস্য মতিউর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর উত্তরা পূর্ব এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, ‘জাস্ট থট’, ‘গো ভিসা’, ‘গ্লোবাল ভিসা’, ‘ভিসা গাইড’ এবং ‘গ্লোবাল’ নামে পাঁচটি প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে উচ্চশিক্ষার ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখানো হয়। এভাবে প্রায় ৩৫০ জন শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছ থেকে আনুমানিক ১৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগীদের দাবি, এই প্রতারণার সঙ্গে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তাদের কাছ থেকে নেওয়া অর্থ ফেরত দেওয়ারও দাবি জানান তারা।
ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, মামলার তদন্ত অব্যাহত রয়েছে। প্রতারণা চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ কাজ করছে।
পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি সহায়তার আশ্বাস পাওয়ার পর দুপুরের দিকে বিক্ষোভকারীরা থানা প্রাঙ্গণ ত্যাগ করেন।








