বুধবার, ১৫ জুলাই ২০২৬

সবশেষ

এইচএসসিতে অনুপস্থিতদের জন্য বিশেষ পরীক্ষা, ভুল প্রশ্নের নম্বর পাবেন সব পরীক্ষার্থী

বৈরী আবহাওয়া ও অন্যান্য অনিবার্য কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য বিশেষ পরীক্ষার ব্যবস্থা করেছে সরকার। একই সঙ্গে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির ঘটনায় দায়ীদের সাময়িক বরখাস্ত এবং ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।

শিক্ষামন্ত্রী জানান, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান জেলায় কয়েকটি বিষয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের পরিস্থিতির কারণে অনেক পরীক্ষার্থী নির্ধারিত দিনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে পারেননি।

তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। তাই বিশেষ বিবেচনায় অনুপস্থিত পরীক্ষার্থীদের জন্য বিকল্প পরীক্ষার সুযোগ রাখা হয়েছে। বৈরী আবহাওয়া বা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া একই বিষয়ের পরীক্ষার সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে অংশগ্রহণ করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে এই বিশেষ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংসদে শিক্ষামন্ত্রী পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ত্রুটির বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, ভুল প্রশ্ন প্রণয়নের ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রশাসনিক ব্যবস্থা হিসেবে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি পরীক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে তিনি বলেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ছয় ও সাত নম্বর প্রশ্নে যে ভুল ছিল, তার কারণে কোনো শিক্ষার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য ওই প্রশ্ন দুটির ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *