আর্জেন্টিনার জয়ের আনন্দ ক্যামেরাবন্দি করতে গিয়ে নেত্রকোণায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত চৌধুরী (২৩) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ৩টার দিকে নেত্রকোণা শহরের শহীদ মিনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দীপ্ত চৌধুরী শহরের মালনী এলাকার বাসিন্দা বাদল চৌধুরীর একমাত্র ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন সরকার।
প্রত্যক্ষদর্শী ও দীপ্তের বন্ধু জুবায়ের আহমেদ সাজিদের ভাষ্য, আর্জেন্টিনা ফুটবল দলের প্রতিটি জয়ের পর শহীদ মিনার এলাকায় সমর্থকদের স্বতঃস্ফূর্ত সমাবেশ ও আনন্দ-উল্লাস হয়ে থাকে। বৃহস্পতিবার রাতেও দলের জয়ের পর বিভিন্ন এলাকা থেকে সমর্থকেরা সেখানে জড়ো হন। এ সময় পুরো উল্লাসের দৃশ্য ধারণের উদ্দেশ্যে দীপ্ত শহীদ মিনার মোড়ে সিঙ্গার শোরুম-সংলগ্ন একটি ভবনের ছাদে ওঠেন। ভিডিও ধারণের প্রস্তুতির একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান।
পরে ঘটনাস্থলে থাকা সমর্থকেরা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মো. আল-মামুন সরকার জানান, ঘটনাটি ঘিরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে।








