বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন দুই সাংবাদিক। পথে রাজধানীর উত্তরায় একটি দূরপাল্লার বাসের ধাক্কায় তাদের দুজনেরই মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দিবাগত গভীর রাতে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে বিআরটি লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান। তাদের বাড়ি টঙ্গীতে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার দিবাগত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার ম্যাচ বড় পর্দায় উপভোগ করার পর মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন তারা। প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, তারা বিআরটি লেন দিয়ে যাওয়ার সময় পেছন থেকে দ্রুতগতির একটি দূরপাল্লার বাস মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে দুই সাংবাদিক সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর দুজনকেই মৃত ঘোষণা করেন।
উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) তারেক আহমেদ বেগ জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি শনাক্তে কাজ করছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় তাৎক্ষণিকভাবে ঘটনার ভিডিও ফুটেজ পাওয়া যায়নি। তবে বিআরটি লেনের অন্য অংশে কোনো সিসিটিভি রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর জানান, পুলিশের অনুমতি নিয়ে ময়নাতদন্ত ছাড়াই স্বজনরা দুই সাংবাদিকের মরদেহ গ্রহণ করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে পুলিশ।








