শনিবার, ১৮ জুলাই ২০২৬

সবশেষ

৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

সরকারের দায়িত্ব গ্রহণের ১৫০ দিনের মধ্যেই সব মন্ত্রণালয়ে দৃশ্যমান অগ্রগতি এসেছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। একই সঙ্গে তিনি বলেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করাকে বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার হিসেবে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মাহদী আমিনের ভাষ্য, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করা এবং অর্থনীতিকে স্থিতিশীল রাখার উদ্যোগ বাস্তবায়ন করছে। মাত্র ১৫০ দিনের মধ্যে সরকার জনগণের আস্থা অর্জন করতে এবং নিরপেক্ষতার পরিচয় দিতে সক্ষম হয়েছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, সরকার একদিকে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে, অন্যদিকে জাতীয় সনদে স্বাক্ষরের মাধ্যমে গৃহীত অঙ্গীকারও বাস্তবায়নের কাজ এগিয়ে নিচ্ছে। তার মতে, নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ সমান্তরালভাবে বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি বলেন, আগের সরকারের আমলে উন্নয়নের নানা দাবি করা হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে অবনতি ঘটেছে। বিশেষ করে ধর্মীয়, সামাজিক ও পারিবারিক মূল্যবোধের অবক্ষয় সবচেয়ে বেশি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, মানুষের মানসিকতা ও পারিবারিক মূল্যবোধের উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী কথার চেয়ে কাজে বিশ্বাস করেন এবং দেশের গুণগত পরিবর্তন আনতে নিজেই নেতৃত্ব দিচ্ছেন। রাজনৈতিক মতাদর্শ বা দলীয় পরিচয় যাই হোক না কেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মতের ভিন্নতা ব্যালটের মাধ্যমে প্রকাশ পেতে পারে, কিন্তু দেশ গড়ার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *