সোমবার, ২০ জুলাই ২০২৬

সবশেষ

২০২৭ সালের হজে যেতে আগ্রহী প্রবাসীদের প্রাক-নিবন্ধনের আহ্বান

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ২০২৭ সালের হজে অংশগ্রহণের প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের হজ কোটার আওতায় সরকারি বা বেসরকারি ব্যবস্থাপনার মাধ্যমেই প্রবাসী বাংলাদেশিরা (এনআরবি) হজ পালনের সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, ই-হজ সিস্টেমে প্রাক-নিবন্ধনের জন্য আবেদনকারীর বাংলাদেশি পাসপোর্ট, অথবা জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মসনদ থাকতে হবে। পাশাপাশি পাসপোর্ট সাইজের ছবি, হোয়াটসঅ্যাপ-সক্রিয় একটি মোবাইল নম্বর এবং বাংলাদেশের একটি ব্যাংক হিসাবের তথ্যও প্রয়োজন হবে। একই পরিবারের একাধিক সদস্য চাইলে একই ব্যাংক হিসাব ব্যবহার করে প্রাক-নিবন্ধন করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আবেদন করার সময় ই-হজ সিস্টেমে নিজেকে এনআরবি (Non-Resident Bangladeshi) হিসেবে উল্লেখ করতে হবে। সেই সঙ্গে বর্তমানে যে দেশে বসবাস করছেন, সেই দেশের নাম এবং বৈধভাবে সেখানে অবস্থানের প্রমাণ হিসেবে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজ প্যাকেজ ও সংশ্লিষ্ট গাইডলাইন শিগগিরই প্রকাশ করা হবে। এরপর ই-হজ সিস্টেমে প্রকাশিত প্যাকেজগুলোর মধ্য থেকে পছন্দের একটি নির্বাচন করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরব সরকারের নির্দেশনা অনুযায়ী কেবল নিবন্ধিত হজযাত্রীরাই হজ পালনের অনুমতি পাবেন। তাই প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় কাগজপত্র আগে থেকেই প্রস্তুত রেখে নির্ধারিত নিয়মে দ্রুত প্রাক-নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *