দেশের রাষ্ট্রীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গত ১৫ বছরে সংঘটিত লুটপাট, ধ্বংসযজ্ঞ ও হত্যাকাণ্ডের প্রভাব অল্প সময়ে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তবে নতুন রাষ্ট্র নির্মাণের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এডিটরস কাউন্সিল আয়োজিত ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জুলাই আন্দোলনের দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আন্দোলনে নিহত পাঁচ সাংবাদিকের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট ও এক লাখ টাকা করে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার মধ্য দিয়েই দেশে ফ্যাসিবাদের সূচনা হয়েছিল। তার ভাষ্য অনুযায়ী, এরপর দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে এবং রাষ্ট্রের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করেছে।
তিনি বলেন, এত দীর্ঘ সময়ের ক্ষয়ক্ষতি অল্প সময়ে পূরণ করা সম্ভব নয়। তবে পুনর্গঠনের কাজ শুরু হয়েছে এবং গণতান্ত্রিক শক্তির প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে।
জুলাই সনদ নিয়ে চলমান বিতর্কের প্রসঙ্গ টেনে স্থানীয় সরকারমন্ত্রী বলেন, সব রাজনৈতিক দলের স্বাক্ষরিত এ সনদ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তার দাবি, যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়নি, সেসব বিষয়ে নির্বাচনে জয়ী হয়ে নিজ নিজ নির্বাচনী ইশতেহার অনুযায়ী কাজ করার বিষয়টি সনদেই উল্লেখ রয়েছে। বিএনপি এ সনদ পুরোপুরি বাস্তবায়ন করবে বলেও জানান তিনি।
একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দিয়ে আলোচনার মাধ্যমে মতপার্থক্যের সমাধানে এগিয়ে আসতে বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
বিএনপির রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করে তিনি বলেন, বিএনপি কোনো বিপ্লবী দল নয়; এটি একটি উদারপন্থি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দলটি নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থাশীল এবং জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করতে চায়।
বিগত সরকারের সময় দমন-পীড়নের অভিযোগ তুলে তিনি দাবি করেন, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ইলিয়াস আলীসহ প্রায় ১ হাজার ৭০০ জনকে গুম করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা জুলাই আন্দোলনে সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অতীতে ক্ষমতাসীনদের প্রতি তোষণমূলক সাংবাদিকতার সমালোচনা করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। এ সময় এডিটরস কাউন্সিলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুর রহমান, সাবেক প্রেস সচিব শফিকুল আলমসহ জ্যেষ্ঠ সাংবাদিক নেতারা বক্তব্য দেন।








