সোমবার, ২০ জুলাই ২০২৬

সবশেষ

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি শঙ্কা, সতর্ক ৫ জেলা

উজান থেকে নেমে আসা ঢল এবং দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাতের কারণে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর কয়েকটি পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, গাইবান্ধা ও কুড়িগ্রামের নদী তীরবর্তী নিম্নাঞ্চলে আকস্মিক বা স্বল্পস্থায়ী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

রোববার (১৯ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র প্রকাশিত সর্বশেষ বন্যা পরিস্থিতি ও পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে সিলেটের ফেঞ্চুগঞ্জ এবং সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে কুশিয়ারা নদীর পানি ইতোমধ্যে বিপৎসীমার ওপরে প্রবাহিত হচ্ছে।

আগামী দুই দিনে রংপুর ও সিলেট বিভাগের পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে সুরমা ও কুশিয়ারা নদীর পানি আরও বাড়তে পারে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদী দুটির কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করলে সিলেট ও সুনামগঞ্জের নিম্নাঞ্চলে নতুন করে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে। তবে যেখানে বন্যা রয়েছে, সেখানে পরিস্থিতি স্থিতিশীলও থাকতে পারে।

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের পানি প্রায় অপরিবর্তিত থাকলেও যমুনা নদীর পানি বেড়েছে। আগামী পাঁচ দিন এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০ থেকে ২৪ জুলাইয়ের মধ্যে কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার কয়েকটি এলাকায় ব্রহ্মপুত্র-যমুনা নদীর পানি সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নিচু এলাকাগুলোয় আংশিক প্লাবনের আশঙ্কা রয়েছে।

উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর মধ্যে সারিগোয়াইন, যাদুকাটা ও কংসের পানি স্থিতিশীল থাকলেও সোমেশ্বরী ও ভুগাই নদীর পানি বাড়ছে। আগামী তিন দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে নেত্রকোণার সোমেশ্বরী নদীর কয়েকটি স্থানে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে আশপাশের নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার ঝুঁকি তৈরি হতে পারে।

এ ছাড়া উত্তরাঞ্চলের আপার করতোয়া, আপার আত্রাই, টাঙ্গন, পুনর্ভবা, মহানন্দা ও যমুনেশ্বরী নদীর পানিও বাড়ছে। আগামী তিন দিনে এসব নদীর পানির স্তর আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *