সোমবার, ২০ জুলাই ২০২৬

সবশেষ

পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’, জলছাপে আসছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিম

বাংলাদেশের ই-পাসপোর্টে একসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ছয় বছর পর আবারও পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে ই-পাসপোর্টের জলছাপে যুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহীদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও ওয়াসিম আকরামের ছবি এবং দেশের বিভিন্ন ঐতিহাসিক ও জাতীয় প্রতীক।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত সরকারি আদেশ জারি করে। আদেশে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যেসব ই-পাসপোর্ট ইস্যু করা হবে, সেগুলোতেই ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ সংযুক্ত থাকবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশের দীর্ঘদিনের পররাষ্ট্রনীতি, ফিলিস্তিন প্রশ্নে রাষ্ট্রের অবস্থান এবং জনমতের সঙ্গে সামঞ্জস্য রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় ই-পাসপোর্ট চালুর পর পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর পর থেকেই এটি পুনর্বহালের দাবি বিভিন্ন মহল থেকে উঠে আসে।

সরকারি আদেশে আরও বলা হয়েছে, ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান নকশা পুনর্বিন্যাস করে জলছাপেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নকশায় জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪ শিরোনামে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানি হাতে থাকা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। পাশাপাশি ই-পাসপোর্টে সব ধর্মের প্রতীকও সংযোজন করা হয়েছে।

নতুন জলছাপে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, নৌকাবিহীন কক্সবাজার সমুদ্রসৈকত ও ঝাউবন, টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ‘সংগ্রাম’ চিত্রকর্ম স্থান পেয়েছে।

অন্যদিকে, নতুন নকশা থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, সোহরাওয়ার্দী উদ্যানের স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরের মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে দেশে ই-পাসপোর্ট কার্যক্রম চালু হয়। সে সময়ই ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল।

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি দায়িত্ব নেওয়া বিএনপি সরকার ই-পাসপোর্টে বিভিন্ন পরিবর্তনের উদ্যোগ নেয়। এ বিষয়ে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কয়েকটি নতুন ছবি জলছাপে যুক্ত করে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকছে না। পাসপোর্টের মেয়াদ শেষ হলে নবায়নের সময় নতুন সংস্করণের ই-পাসপোর্ট দেওয়া হবে। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের পাসপোর্টেই নতুন জলছাপ ব্যবহার করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *