শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মেজর মোজাফফরের বিচার সামরিক আইন অনুযায়ী পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
সোমবার (২০ জুলাই) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোজাফফরের বিচার সেনা আইনের অধীনেই হবে। একই অপরাধে একজন ব্যক্তির বিরুদ্ধে একই সময়ে সিভিল ও সামরিক আইনে বিচার করা সম্ভব নয়। সিভিল কোর্টে বিচার হবে কি না, তা পরবর্তী সময়ে বিবেচনা করা হবে বলেও জানান তিনি।
ভারত থেকে কাউকে জোরপূর্বক বাংলাদেশে পাঠানো বা ‘পুশইন’ করা হয়নি উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুশইন ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গেই আলোচনা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, ভারতকে জানানো হয়েছে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে অবস্থান করেন, তাহলে তাদের তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠাতে হবে। যাচাই-বাছাই শেষে নিয়ম মেনেই তাদের ফেরত নেওয়া হবে।
মিয়ানমার ও ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়টি এক নয় বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, মিয়ানমার সীমান্তে অস্থিতিশীল পরিস্থিতি এবং মাদক প্রবেশ ঠেকাতে ১০৯ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তাব করা হয়েছে।
বিজিবির সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি জানান, সীমান্তরক্ষী বাহিনীকে আরও শক্তিশালী করতে জনবল বৃদ্ধি ও প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি স্থলমাইন শনাক্তের জন্য আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ করে তা বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।








