শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে ট্রাইব্যুনালে একটি আবেদন জমা দেওয়া হয়েছে, যেখানে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
ট্রাইব্যুনাল-সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, এ আবেদনটির ওপর আজ মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার মাসুদ উদ্দীন চৌধুরীর সঙ্গে কথোপকথনের সূত্র ধরে প্রায় ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তদন্ত-সংশ্লিষ্ট কার্যক্রমের অংশ হিসেবে তাকে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের ঘটনাস্থলেও নেওয়া হয়।
এদিকে গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, জিয়াউর রহমান হত্যা মামলার এ আসামির বিচার কোর্ট মার্শালের মাধ্যমে হবে।
অন্যদিকে ট্রাইব্যুনালের প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফর হোসেনকে গ্রেপ্তার ও বিচারের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে তদন্ত কার্যক্রমও শুরু হয়েছে।








