মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

সবশেষ

গাজী নজরুলকে ঘিরে বিতর্ক: তথ্য যাচাই শেষে সিদ্ধান্ত নেবে জামায়াতে ইসলামী

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের ঘটনায় আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিষয়টির সব তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাই-বাছাই শেষে সাংগঠনিক বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার (২১ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের।

বিবৃতিতে তিনি বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে নিয়ে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ঘটনাপ্রবাহ দলের নজরে রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে গাজী নজরুল ইসলামের নিজস্ব বক্তব্যের পাশাপাশি তার প্রথম ও দ্বিতীয় স্ত্রী এবং দ্বিতীয় স্ত্রীর বাবার ভিডিও বক্তব্যও প্রকাশিত হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, কেবল প্রচারিত তথ্যের ভিত্তিতে নয়, বরং ঘটনার প্রকৃত চিত্র জানতে আরও অনুসন্ধান চালানো হবে। সব তথ্য-প্রমাণ সংগ্রহের পর দলের সাংগঠনিক নীতিমালা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সোমবার রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে সাতক্ষীরার শ্যামনগরের এই সংসদ সদস্যকে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। ভিডিওটি প্রকাশের পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *