মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কক্সবাজারের টেকনাফে কাউন্সিলর একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) জমা দিয়েছে প্রসিকিউশন। এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের কাছে এ ফরমাল চার্জ দাখিল করা হয়।
মামলাটির শুনানি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান, একরামুল হক হত্যার ঘটনাকে কেন্দ্র করে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত সংস্থা দীর্ঘদিন তদন্ত কার্যক্রম পরিচালনা করে। তদন্ত শেষে সংস্থাটি তাদের প্রতিবেদন চিফ প্রসিকিউটরের কার্যালয়ে জমা দেয়। ওই প্রতিবেদন পর্যালোচনা ও যাচাই-বাছাই শেষে রোববার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। তবে মামলার সব আসামির নাম এখনই প্রকাশ করা হয়নি।
২০১৮ সালের ২৬ মে রাতে কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন একরামুল হক। তিনি টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। ওই ঘটনার পর একরামুলের মেয়ের ‘আব্বু, তুমি কান্না করতেছ যে…’ কথোপকথনের অডিও দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।








