রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে সরকার। তবে তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিলের পর বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করা হয়। গত ১৫ জুলাই কমিটিকে সরেজমিনে পরিদর্শন করে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তদন্ত প্রতিবেদনে সন্তোষজনক তথ্য পাওয়ায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
তবে হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে তিনটি শর্ত আরোপ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
শর্তগুলো হলো, ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’-এর সব নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে হবে। লাইসেন্সের শর্ত অনুযায়ী ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ যেকোনো সময় আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে।








