হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। এ আদেশের ফলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্ধারিত এলাকায় চার বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল, সমাবেশ ও শোভাযাত্রা করা যাবে না।
বুধবার (২৯ জুলাই) জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মঈনুল হক।
জেলা প্রশাসন জানিয়েছে, সাম্প্রতিক সংঘর্ষের ঘটনা এবং বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জননিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে ১৪৪ ধারা কার্যকর রাখতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলার অভিযোগকে কেন্দ্র করে দলটি প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করে। একই সময়ে বিএনপিও পৃথক কর্মসূচির ঘোষণা দিলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নেয়।








