আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণের ইচ্ছার কথা প্রকাশ করার কয়েক ঘণ্টার মধ্যেই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে দায়ের হওয়া হত্যা মামলায় বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান।
এর আগে, বুধবার সকালে রাজধানীর শাহবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় আদালতে হাজিরা দেন লতিফ সিদ্দিকী। আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
তিনি বলেন, সকালে এ বিষয়ে জানতে পেরেই আদালতে হাজির হয়েছেন, যাতে কেউ মনে না করেন তিনি আত্মগোপনে গেছেন। তাঁর ভাষ্য, তিনি কখনো আত্মগোপন করেন না; বরং আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে চান।
লতিফ সিদ্দিকী আরও জানান, পুলিশ যদি তাকে গ্রেপ্তার না করে, তাহলে আগামী রোববার বা সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে আত্মসমর্পণ করবেন। তবে এর আগে আইনশৃঙ্খলা বাহিনী তাকে আটক করলে পরিস্থিতি ভিন্ন হবে বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের তিনি আরও বলেন, এবার তিনি সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুতি নিয়েই আদালতে এসেছেন। তাঁর গাড়িতে প্রয়োজনীয় ব্যাগ, লেখালেখির জন্য খাতা ও কলমও রাখা ছিল।








