বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

সবশেষ

হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো: কাদের সিদ্দিকী

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তার ছোট ভাই কাদের সিদ্দিকী। তিনি বলেছেন, হাতকড়া নিয়ে তাদের পরিবারের কাছে আলাদা কোনো আতঙ্ক বা অপমানের বিষয় নেই।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, “হাতকড়া আমাদের কাছে নববধূর চুড়ির মতো।” তিনি জানান, তাদের হাতে এর আগেও বহুবার হাতকড়া পড়েছে এবং তারা এটিকে খুব খারাপ কিছু হিসেবে দেখেন না।

লতিফ সিদ্দিকীকে মামলায় আসামি করা নিয়ে আপত্তি জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, একজন নির্দোষ ব্যক্তিকে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে, এই প্রতিবাদ জানাতেই তিনি আদালত প্রাঙ্গণে এসেছেন।

তিনি বলেন, আদালতে প্রত্যেক অভিযুক্ত ব্যক্তির নিজের বক্তব্য তুলে ধরার অধিকার রয়েছে। লতিফ সিদ্দিকীও তার বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে সেই সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ করেন কাদের সিদ্দিকী।

তার মতে, সমাজে যারা সম্মানিত ব্যক্তি, তাদের প্রতি সম্মান দেখানো উচিত।

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাদের সিদ্দিকী বলেন, তার বয়স এখন ৮৭ বছর। এমন কোনো অপরাধের দায়ে, যা তিনি করেননি, যদি তার সর্বোচ্চ শাস্তিও হয়, তবুও তারা সেটিকে মেনে নেবেন। কারণ, তার বিশ্বাস আল্লাহ তাকে মুক্তি দেবেন।

শাপলা চত্বরে সংঘটিত ঘটনার পরিকল্পনাকারী হিসেবে লতিফ সিদ্দিকীকে অভিযুক্ত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী এ দাবি নাকচ করেন।

তিনি বলেন, লতিফ সিদ্দিকী কোনো ‘কিচেন কেবিনেটের’ অংশ ছিলেন না। ঘটনার সময় তিনি পাটমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার ভাষ্য, পাট মন্ত্রণালয়ের সঙ্গে কোনো হত্যাকাণ্ডের সম্পর্ক নেই।

কাদের সিদ্দিকী আরও বলেন, ওই সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন বিষয়ে লতিফ সিদ্দিকীর মতবিরোধ তৈরি হয়েছিল।

এর আগে, রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার মামলায় আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *