সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাতে আইনি কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে দুবাইয়ে একটি ল ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে, যা তার শর্তসাপেক্ষ জামিনাদেশ বাতিলের বিষয়ে কাজ করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
রোববার বিকেলে রাজশাহী পুলিশ লাইন্সে রাজশাহী রেঞ্জ ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার বেনজীর আহমেদের দুবাই আদালত থেকে শর্তসাপেক্ষ জামিন পাওয়ার খবর জেনেছে। এ বিষয়ে দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আদালতের জামিন আদেশের সার্টিফায়েড কপি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জামিনাদেশ বাতিলের জন্য বাংলাদেশ সরকারের পক্ষে নিয়োগ পাওয়া ল ফার্ম ইতোমধ্যে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শুরু করেছে। সরকারের প্রত্যাশা, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।
মতবিনিময় সভায় রাজশাহী রেঞ্জের ডিআইজি, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








