সোমবার, ৩ আগস্ট ২০২৬

সবশেষ

আগস্টে কমতে পারে বৃষ্টি, বাড়তে পারে তাপমাত্রা; তবু তিন অঞ্চলে বন্যার শঙ্কা

জুলাইজুড়ে টানা ও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের পর আগস্টে আবহাওয়ার চিত্রে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বৃষ্টিপাত কিছুটা কম হতে পারে। তবে উজানের ঢল ও বিচ্ছিন্ন ভারী বর্ষণের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে। একই সময়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকার সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, সদ্য শেষ হওয়া জুলাই মাসে দেশজুড়ে স্বাভাবিকের তুলনায় ৩৫ দশমিক ৬ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মাসজুড়ে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে।

জুলাই মাসের পরিসংখ্যান অনুযায়ী, ময়মনসিংহ বিভাগ ছাড়া দেশের বাকি সাতটি বিভাগেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে। এর মধ্যে খুলনা বিভাগে স্বাভাবিকের চেয়ে ৫৩ শতাংশ, চট্টগ্রামে ৫১ শতাংশ, সিলেটে ৩৭ দশমিক ৩ শতাংশ এবং ঢাকা বিভাগে প্রায় ৩৩ দশমিক ৪ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। মাসের সর্বোচ্চ দৈনিক বৃষ্টিপাত রেকর্ড করা হয় ৮ জুলাই চট্টগ্রামে, যেখানে ২৪ ঘণ্টায় ৩২৯ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, জুলাই মাসে বঙ্গোপসাগরে মোট তিনটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। এর মধ্যে দুটি মৌসুমি নিম্নচাপে পরিণত হয়ে দেশের উপকূলীয় এলাকা ও পার্শ্ববর্তী অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করে।

আগস্টের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং এর মধ্যে অন্তত একটি মৌসুমি নিম্নচাপে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সার্বিকভাবে বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম থাকতে পারে, তবুও উজানে এবং দেশের বিভিন্ন স্থানে আকস্মিক ভারী বর্ষণের কারণে উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের নদী-সংলগ্ন এলাকায় সাময়িক বন্যা দেখা দিতে পারে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। দেশের বিভিন্ন স্থানে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় তাপমাত্রা ৩৬ থেকে প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগস্টে তিন থেকে পাঁচ দিন বজ্রঝড় হতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি নিয়ে আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের প্রধান নদীগুলোর পানিপ্রবাহ মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে মৌসুমি ভারী বৃষ্টি ও উজানের অববাহিকায় অতিবৃষ্টির কারণে পার্বত্য এবং উত্তরাঞ্চলের নদীগুলোর তীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে মাটির আর্দ্রতার পরিমাণ ৪০ থেকে ৫০ শতাংশের মধ্যে থাকতে পারে, যা কৃষিকাজের জন্য যেমন সহায়ক হবে, তেমনি অতিরিক্ত বৃষ্টির ক্ষেত্রে সতর্ক থাকারও প্রয়োজন রয়েছে।

আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত তিন মাসের সম্ভাব্য আবহাওয়ার চিত্রেও লঘুচাপের সক্রিয়তার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার কয়েকটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি এবং স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি উষ্ণ আবহাওয়া বিরাজ করতে পারে। তবে আকস্মিক ভারী বর্ষণ এবং উপকূলীয় লঘুচাপের গতিপথের ওপর দেশের সামগ্রিক আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই নির্ভর করবে বলে জানিয়েছে সংস্থাটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *