সোমবার, ৩ আগস্ট ২০২৬

সবশেষ

৫ আগস্ট ঘিরে তৎপরতা চালানোর মুরোদ আ.লীগের নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্টকে কেন্দ্র করে কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা চালানোর মতো মুরোদ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা দলটি বর্তমানে একটি ‘মাফিয়া শক্তি’ হিসেবে রয়েছে, যারা মাঝে মাঝে বিদেশ থেকে তৎপরতার চেষ্টা করতে পারে।

সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনটিকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামীকাল মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেবেন বলেও জানান তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৫ আগস্টকে ঘিরে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রম প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের শর্তসাপেক্ষ জামিনের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে সরকার নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। দ্রুত তার জামিন বাতিলের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি জানান, বেনজীর আহমেদকে কী শর্তে জামিন দেওয়া হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকার বিষয়ে সরকারের সন্দেহ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি একটি মেট্রোস্টেশনে ‘বোমাসদৃশ বস্তু’ পাওয়ার ঘটনা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তার ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার উদ্দেশ্যে কোনো গোষ্ঠী এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

দেশে উগ্রবাদী তৎপরতা আগের তুলনায় অনেক কমেছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। উগ্রবাদী বা মৌলবাদী কোনো গোষ্ঠী যাতে পুনরায় সক্রিয় হতে না পারে, সে বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বাংলাদেশ সফর নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সফরটি গুরুত্বপূর্ণ ছিল। সার্জিও গরে নিজেই জানিয়েছেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *