জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি সেমিনারে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরতে গিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে দুই দফায় ধাক্কাধাক্কি ও মারামারির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তন এবং পরে শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সেমিনারের আয়োজন করে। সকাল ১১টার দিকে জকসুর কয়েকজন নেতা প্ল্যাকার্ড হাতে মিলনায়তনে প্রবেশের চেষ্টা করেন। প্ল্যাকার্ডগুলোতে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সম্পন্ন করা, অস্থায়ী হল নির্মাণ, মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় ল্যাব সুবিধা নিশ্চিত করা এবং টেকনিশিয়ান ও চিকিৎসক নিয়োগের দাবি তুলে ধরা হয়। এসব দাবির প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করা হয়। ওই সময় ইনকিলাব মঞ্চের কয়েকজন সদস্যও সেখানে উপস্থিত ছিলেন।
এ সময় মিলনায়তনে প্রবেশকে কেন্দ্র করে জকসুর নেতাকর্মীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে ধাক্কাধাক্কিতে রূপ নেয়। পরে জকসুর নেতারা মিলনায়তনের প্রবেশমুখের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন।
সেমিনার শেষে অংশগ্রহণকারীরা বের হয়ে আসার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আবারও উত্তেজনা দেখা দেয়। সেখানে ছাত্রদল, জকসু ও জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীন। প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান মামুন আহমেদ।








