মালয়েশিয়ায় একই প্রতিষ্ঠানে কর্মরত এবং একই বাসায় বসবাসকারী বাংলাদেশি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন বাংলাদেশি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে একজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সোমবার (৩ আগস্ট) বিকেলে নেগ্রি সেম্বিলান রাজ্যের লিঙ্গি এলাকার তামান লিঙ্গির একটি বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সময় বিকেল প্রায় ৪টা ১৫ মিনিটে বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে লিঙ্গি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায় এবং ৪০ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করে।
নেগ্রি সেম্বিলান রাজ্যের পুলিশ প্রধান দাতুক আলজাফনি আহমদের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে পরে সুয়া মাঙ্গিস এস্টেট এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে নিহত তিন বাংলাদেশির শরীরে একাধিক গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। আহত বাংলাদেশিকে রেম্বাউ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সবাই একই প্রতিষ্ঠানে কাজ করতেন এবং একই বাসায় থাকতেন। কী কারণে এই সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখতে মালয়েশিয়ার দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা মামলা দায়ের করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।








