মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬

সবশেষ

দুর্গন্ধ থেকেই মিলল সূত্র, বাগেরহাটে ঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলায় একটি বসতঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ার ঘটনাকে কেন্দ্র করে একই পরিবারের তিন সদস্যের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মাথায় আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে এ ঘটনা প্রকাশ্যে আসে। পরে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

নিহতরা হলেন আহাত হাওলাদার (২২), তার মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। আহাত স্থানীয় বাসিন্দা আব্দার হাওলাদারের ছেলে। মনিরা বেগম ছিলেন মৃত রশিদ শেখের মেয়ে এবং রাশিদা বেগম ছিলেন মৃত রশিদ শেখের স্ত্রী।

স্থানীয় বাসিন্দা বুলু বেগম জানান, কয়েকদিন ধরে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। এতে সন্দেহ হলে তিনি খোঁজ নেন। পরে ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। তার ধারণা, ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটেছে। বাড়িতে নিয়মিত লোকজনের যাতায়াত না থাকায় বিষয়টি এতদিন কারও নজরে আসেনি।

তিনি আরও জানান, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পাশাপাশি হত্যার নেপথ্যের কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *