ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া দুই আসামির সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। তারা হলেন সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীম।
সোমবার বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ডেথ রেফারেন্স, আসামিদের আপিল ও জেল আপিলের ওপর শুনানি শেষে এ রায় দেন।
এর আগে, ২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নুসরাত হত্যা মামলায় সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ওই রায়ের পর মামলাটি উচ্চ আদালতে আসে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৭ মার্চ সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে ডেকে নিয়ে নুসরাতের শ্লীলতাহানি করা হয়। এ ঘটনায় মামলা হলে সিরাজ উদদৌলাকে গ্রেপ্তার করা হয়।
পরে মামলা প্রত্যাহার না করায় নুসরাতকে ৬ এপ্রিল মাদ্রাসার ছাদে ডেকে নেওয়া হয়। সেখানে তার হাত-পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। গুরুতর দগ্ধ অবস্থায় তাকে ঢাকায় নেওয়া হয় এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল তার মৃত্যু হয়।
ঘটনার পর নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান (নোমান) সোনাগাজী থানায় মামলা করেন। পরবর্তী সময়ে সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। বহুল আলোচিত এ হত্যাকাণ্ডের বিচারিক পর্যায়ে ১৬ আসামির মৃত্যুদণ্ডের রায়ের পর এবার হাইকোর্ট দুই আসামির ক্ষেত্রে সেই সাজা বহাল রাখলেন।








