শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সবশেষ

চিকিৎসা নিতে ঢাকায় এসে ছিনতাইকারীর টানে প্রাণ গেল প্রধান শিক্ষিকার

চিকিৎসকের কাছে যাওয়ার জন্য বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন রনজিনা পারভীন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামার পর রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রাণ হারাতে হলো এই প্রধান শিক্ষিকাকে।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোসা. রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রনজিনা পারভীন রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন। ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর সেখান থেকে রিকশা নিয়ে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি।

রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারী আসে। মোটরসাইকেল থেকে তার ব্যাগ ধরে টান দিলে রিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান রনজিনা। এতে মাথায় গুরুতর আঘাত পান তিনি।

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর নিহত শিক্ষিকার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

এদিকে ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ। তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, মোটরসাইকেল ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুতই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *