রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সবশেষ

মালয়েশিয়ায় বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে হাইকমিশনের সতর্কবার্তা

মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশন। কর্মরত দেশের আইন-কানুন মেনে চলার পাশাপাশি অনলাইনে কোনো তথ্য, ছবি বা ভিডিও প্রকাশের আগে এর সম্ভাব্য প্রভাব বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) হাইকমিশনের ফেসবুক পেজে প্রকাশিত এক পরামর্শে এসব নির্দেশনা দেওয়া হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরামর্শের ভিত্তিতে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

হাইকমিশন বলেছে, মালয়েশিয়ার প্রচলিত আইন, সাইবার আইন, কর্মস্থলের নীতিমালা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিধিনিষেধ মেনে চলতে হবে। একই সঙ্গে দেশটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক মূল্যবোধের প্রতিও সম্মান দেখানোর আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমকে পরিবার, বন্ধু ও ইতিবাচক যোগাযোগের কাজে ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইকমিশন। তবে চাকরি, নিয়োগকর্তা কিংবা কর্মস্থল সম্পর্কিত কোনো ছবি, ভিডিও বা তথ্য অনলাইনে দেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নীতিমালা যাচাই করতে বলা হয়েছে।

অনলাইন নিরাপত্তার ক্ষেত্রেও সতর্ক থাকার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। অপরিচিত ব্যক্তির পাঠানো বার্তা, অজানা লিংক বা ফাইল খোলার আগে সতর্কতা অবলম্বন এবং প্রতারণা ও ফিশিংয়ের ঝুঁকি সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো কিছু শেয়ার করার আগে তথ্যের সত্যতা যাচাই করতেও বলা হয়েছে।

হাইকমিশনের নির্দেশনায় বিশেষভাবে সন্ত্রাসবাদ, উগ্রবাদ ও নিষিদ্ধ সংগঠন-সংশ্লিষ্ট কোনো পোস্ট, ছবি, ভিডিও বা বার্তা শেয়ার, লাইক, মন্তব্য কিংবা প্রচার না করার কথা বলা হয়েছে। একইভাবে গুজব, মিথ্যা তথ্য ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

আন্তর্জাতিক সংঘাত নিয়ে অনলাইনে কার্যক্রমের ক্ষেত্রেও সতর্ক করেছে হাইকমিশন। ইসরায়েল-ফিলিস্তিন ও ইরান-ইসরায়েল সংঘাতসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে এমন কোনো উসকানিমূলক বা বিতর্কিত পোস্ট শেয়ার কিংবা প্রচার না করার পরামর্শ দেওয়া হয়েছে, যা মালয়েশিয়ার স্থানীয় আইন লঙ্ঘনের কারণ হতে পারে। কর্মরত দেশে নিষিদ্ধ রাজনৈতিক বা অনলাইন প্রচারণায় যুক্ত না হওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে।

আর্থিক প্রতারণা ঠেকাতে যাচাই ছাড়া কোনো ব্যক্তি, সংগঠন বা অনলাইন তহবিলে অর্থ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে হাইকমিশন। পাশাপাশি ভুয়া চাকরির বিজ্ঞাপন, অবৈধ ভিসার প্রস্তাব, দ্রুত আয়ের প্রলোভন এবং সন্দেহজনক বিনিয়োগ বা ক্রিপ্টোকারেন্সি-সংক্রান্ত প্রতারণা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

নিরাপত্তার কারণে কর্মস্থল, বিমানবন্দর, বন্দর, সরকারি স্থাপনা কিংবা নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট স্থানের ছবি ও ভিডিও ধারণ বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করতেও বলা হয়েছে।

ব্যক্তিগত তথ্য সুরক্ষার বিষয়টিও গুরুত্ব পেয়েছে হাইকমিশনের পরামর্শে। নিজের বা অন্য কারও পাসপোর্ট, ভিসা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংকিং তথ্যসহ ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া ধর্মীয়, জাতিগত বা বর্ণগত বিদ্বেষ উসকে দেওয়ার মতো পোস্ট, মন্তব্য বা অনলাইন বিতর্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। কোনো অপরাধ, সহিংসতা বা অবৈধ কর্মকাণ্ডকে সমর্থন বা প্রশংসা করে পোস্ট, মন্তব্য কিংবা প্রতিক্রিয়া না দেওয়ার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে হাইকমিশন।

হাইকমিশনের মতে, এসব নির্দেশনা অনুসরণ করলে মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরা অনলাইন প্রতারণা ও ব্যক্তিগত নিরাপত্তার ঝুঁকি কমানোর পাশাপাশি দেশটির আইন, সামাজিক পরিবেশ ও মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান বজায় রাখতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *