রবিবার, ৩০ আগস্ট ২০২৬

সবশেষ

যানজট কমাতে ঢাকার পরিবহন ব্যবস্থায় বড় পরিবর্তন, সরছে কারওয়ান বাজারের কিচেন মার্কেট ও ফুলবাড়িয়া টার্মিনাল

রাজধানীর যানজট নিয়ন্ত্রণে সড়ক ব্যবস্থাপনার পাশাপাশি বাস টার্মিনাল, বাজার ও পার্কিং ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট গাবতলীতে সরিয়ে নেওয়া এবং ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।

একই সঙ্গে টোল আদায়ে ইলেকট্রনিক ব্যবস্থা চালু, নতুন অ্যাপ তৈরি, গাবতলী বাস টার্মিনাল সম্প্রসারণ এবং অটোরিকশা চলাচলে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে রাজধানীর যানজট পরিস্থিতি নিয়ে আলোচনা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব নির্দেশনা দেন। বৈঠকে গুরুত্বপূর্ণ সড়ক ও ফ্লাইওভারে যানবাহনের চাপ, গণপরিবহন ব্যবস্থাপনা, টার্মিনাল পুনর্বিন্যাস, পার্কিং এবং ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বৈঠকের সিদ্ধান্তগুলো সাংবাদিকদের জানান।

চার মাসে চালু হবে ইলেকট্রনিক টোল ব্যবস্থা
ঢাকার দ্রুতগতির উড়ালসড়ক ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এতে টোল আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত ও প্রযুক্তিনির্ভর হবে।

এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে অ্যাপ তৈরির কাজ শেষ করতে বলা হয়েছে।

যাত্রাবাড়ী-গুলিস্তানের যানজট নিয়ে বুয়েটের নতুন প্রতিবেদন
যাত্রাবাড়ী-গুলিস্তান উড়ালসড়ক ঘিরে দীর্ঘদিন ধরে তৈরি হওয়া যানজটের কারণ ও সমাধান নিয়েও বৈঠকে আলোচনা হয়।

এ বিষয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। বিদ্যমান প্রতিবেদন যাচাই করে নতুন সুপারিশসহ ১৫ দিনের মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে বুয়েটকে নির্দেশ দেওয়া হয়েছে।

সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

ফুলবাড়িয়া থেকে কেরানীগঞ্জে যাবে বাস টার্মিনাল
রাজধানীর কেন্দ্রীয় এলাকায় আন্তজেলা বাসের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে প্রয়োজনীয় জমি অধিগ্রহণ করা হবে।

তবে স্থায়ী টার্মিনাল নির্মাণে সময় লাগায় আপাতত অস্থায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগামী চার মাসের মধ্যে কেরানীগঞ্জের ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে অস্থায়ী বাস টার্মিনাল তৈরির সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশও সম্প্রসারণ করা হবে। এর ফলে টার্মিনালটির ধারণক্ষমতা বাড়বে এবং যানবাহন ব্যবস্থাপনা আরও কার্যকর হবে বলে বৈঠকে আলোচনা হয়।

গাবতলীতে যাবে কারওয়ান বাজারের কিচেন মার্কেট
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের কিচেন মার্কেটও অন্যত্র সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাজারটি গাবতলীতে স্থানান্তরের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।

কারওয়ান বাজারের মতো ব্যস্ত এলাকায় বাজারকেন্দ্রিক যানবাহনের চাপ কমানো গেলে আশপাশের সড়কে যান চলাচল স্বাভাবিক করার ক্ষেত্রে এর প্রভাব পড়বে বলে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়।

সচিবালয়ের পাশে পার্কিংয়ের নতুন উদ্যোগ
সচিবালয়কেন্দ্রিক যানজট কমাতেও পার্কিং সুবিধা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। এ জন্য ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিং ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখার সিদ্ধান্ত হয়েছে।

প্রয়োজনে আরও বিকল্প পার্কিং স্পট চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে। সচিবালয়ের আশপাশের সড়কে অতিরিক্ত যানবাহনের চাপ কমানোই এ উদ্যোগের লক্ষ্য।

অটোরিকশা ও স্লিপার বাসে কড়াকড়ি
রাজধানীতে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণে আলাদা নীতিমালা তৈরির সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে অনুমোদন ছাড়া ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

রাজধানীর যানজট নিরসনে নেওয়া এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশ, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *