বাংলাদেশের মাতৃ, নবজাতক ও শিশুস্বাস্থ্যসেবা আরও কার্যকর করতে ২৪ লাখ মার্কিন ডলারের চিকিৎসা সরঞ্জাম ও প্রয়োজনীয় উপকরণ দিচ্ছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ২৯ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকা।
সোমবার ঢাকার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি পাঠান দূতাবাসের মুখপাত্র পূর্ণিমা রাই।
সহায়তার আওতায় নবজাতকের শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে এবং শ্বাসপ্রশ্বাসে সহায়তা করার বিভিন্ন সরঞ্জাম রয়েছে। পাশাপাশি গুরুতর অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য থেরাপিউটিক ফুড এবং টিকার কার্যকারিতা বজায় রাখার প্রয়োজনীয় উপকরণও দেওয়া হচ্ছে।
মার্কিন অর্থায়নে এফএইচআই ৩৬০, জেপিগো, জেএসআই ও ইউনিসেফের মাধ্যমে এসব চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হচ্ছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোও এ কার্যক্রমের আওতায় থাকছে।
এই সহযোগিতার অংশ হিসেবে পঞ্চগড় জেলা হাসপাতালে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার প্রশিক্ষণ মডেল হস্তান্তর করা হয়েছে। মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মডেলটি হাসপাতালের সিভিল সার্জন মো. মিজানুর রহমানের কাছে তুলে দেন।
মার্কিন দূতাবাস বলছে, বাস্তবভিত্তিক অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করতে এ উদ্যোগ ভূমিকা রাখবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য খাতের উদ্ভাবন এগিয়ে নেওয়ার লক্ষ্যে ‘আমেরিকা ফার্স্ট গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজি’ বাস্তবায়নেও এই সহায়তা অবদান রাখছে।
দেশের বিভিন্ন অঞ্চলে মানসম্মত স্বাস্থ্যসেবার সুযোগ বাড়াতে বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথাও সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।








