পরিবারের আর্থিক অবস্থার পরিবর্তনের স্বপ্ন নিয়ে তিন বছর আগে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালীর জামশেদুল ইসলাম। বয়স মাত্র ২৫। সেই স্বপ্ন আর পূরণ হলো না। কর্মস্থলে সিঁড়ি থেকে পড়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার মারা গেছেন তিনি।
শনিবার বিকেলে আল আইন জিমি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামশেদুলের মৃত্যু হয়। তিনি বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের বাসিন্দা। তার বাবা মোহাম্মদ নজরুল ইসলাম।
নিহতের প্রতিবেশী ও দুবাইপ্রবাসী আমির উদ্দিন বাদশাহ জানান, গত ১৬ আগস্ট আবুধাবির শিল্পনগরী মুসাফফাহ থেকে আল আইন এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করতে যান জামশেদুল। কাজের একপর্যায়ে সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে আইসিইউতে ভর্তি করেন। এরপর টানা ১৩ দিন কোমায় ছিলেন জামশেদুল। শেষ পর্যন্ত আর জ্ঞান ফেরেনি তার।
ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে সবার ছোট
জামশেদুলের ভাগিনা মোহাম্মদ জোবায়েদের ভাষ্য, পরিবারের ভাগ্য বদলানোর প্রত্যাশাতেই বিদেশে গিয়েছিলেন তিনি। ছয় বোন ও এক ভাইয়ের মধ্যে জামশেদুল ছিলেন সবার ছোট।
প্রবাসে কাজ করতে গিয়ে একটি দুর্ঘটনা সেই পরিবারের স্বপ্নকেই থামিয়ে দিল। দীর্ঘ ১৩ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর এখন দেশে ফিরবে তার মরদেহ।
বর্তমানে জামশেদুলের লাশ আল আইন জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষ করে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।
মাত্র ২৫ বছর বয়সে প্রবাসজীবনের এমন পরিণতিতে পরিবারটির সামনে এখন স্বজন হারানোর শোকের পাশাপাশি দেশে মরদেহ ফিরিয়ে আনার আনুষ্ঠানিকতার অপেক্ষাও।








