শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

এনআইডি সেবা চাইতে গিয়ে চড় খেলেন প্রবাসী!

জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সমস্যা সমাধানের আশায় পর্তুগাল থেকে সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে এসেছিলেন এক প্রবাসী। কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাওয়ার বদলে একপর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার হাতে চড় খাওয়ার অভিযোগ করেছেন তিনি।

অভিযোগকারী সিলেটের জকিগঞ্জ উপজেলার বাসিন্দা। তার দাবি, এনআইডি-সংক্রান্ত একটি সমস্যার সমাধানের জন্য তিনি আঞ্চলিক নির্বাচন অফিসে যান। সেখানে সেবা দেওয়ার পরিবর্তে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়। কথা কাটাকাটির একপর্যায়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাকে চড় মারেন বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার পর বিষয়টি নিয়ে ক্ষোভ দেখা দিয়েছে সেবাপ্রত্যাশীদের মধ্যে। তাদের অভিযোগ, সিলেট আঞ্চলিক নির্বাচন অফিসে সেবা নিতে গিয়ে দীর্ঘদিন ধরে নানা ধরনের ভোগান্তির মুখে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে।

সেবাপ্রত্যাশীদের ভাষ্য, প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে থাকার পরও অনেক ক্ষেত্রে একটি কাজের জন্য একাধিকবার অফিসে আসতে হয়। বিভিন্ন ডেস্কে ঘোরাঘুরি ও দীর্ঘসূত্রিতার পাশাপাশি কর্মকর্তাদের দুর্ব্যবহারের অভিযোগও রয়েছে। কেউ কেউ গালিগালাজের শিকার হওয়ার কথাও জানিয়েছেন।

এদিকে প্রবাসীকে চড় মারার অভিযোগ ওঠায় সমালোচনার মুখে পড়েছেন সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা। তবে তিনি অভিযোগটি সরাসরি স্বীকার না করে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি হবে না বলেও আশ্বাস দিয়েছেন।

তবে সেবাপ্রত্যাশীদের প্রশ্ন, সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক কর্মকর্তার হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ উঠলে সেটিকে শুধু ভুল বোঝাবুঝি হিসেবে দেখার সুযোগ আছে কি না। তারা ঘটনার যথাযথ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *