শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

সবশেষ

নিউইয়র্কে প্রবাসীদের জন্য ৭ দিন চালু থাকবে বাংলাদেশ কনস্যুলেটের কল সেন্টার

কনস্যুলার সেবা পেতে প্রবাসী বাংলাদেশিদের যোগাযোগের প্রক্রিয়া আরও সহজ করতে নিউইয়র্কে বিশেষ কল সেন্টার চালু করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। সপ্তাহের সাত দিন চালু থাকা এ সেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কসহ কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার বিভিন্ন বিষয়ে তথ্য, পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা নিতে পারবেন।

কল সেন্টারে যোগাযোগের জন্য নির্ধারণ করা হয়েছে ৮৪৪-৮৬১-১৯৭১ এবং ২১২-৫৯৯-৬৭৬৭ নম্বর। প্রতিদিন সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত প্রবাসীরা এ সেবা গ্রহণ করতে পারবেন।

কনস্যুলার সেবা নিয়ে প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া, প্রয়োজনীয় তথ্য সরবরাহ এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার জন্য কল সেন্টারে মেধাবী, উদ্যমী ও প্রযুক্তি-সচেতন তরুণদের যুক্ত করা হয়েছে। ফলে সেবাপ্রত্যাশীরা সরাসরি ফোনে সংশ্লিষ্ট বিষয়ে সহায়তা নেওয়ার সুযোগ পাবেন।

তবে ফোন করার সময় কোনো কারণে তাৎক্ষণিকভাবে এজেন্টের সঙ্গে যোগাযোগ সম্ভব না হলেও সেবা পাওয়ার সুযোগ থাকছে। এ ক্ষেত্রে কলকারী ভয়েস মেইলে নিজের বার্তা রেখে যেতে পারবেন। পরে সংশ্লিষ্ট এজেন্টরা সেই বার্তা পর্যালোচনা করে সেবাপ্রত্যাশীর সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং প্রয়োজনীয় তথ্য ও সহায়তা দেবেন।

বিদেশে বাংলাদেশের মিশনগুলোতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কনস্যুলার সেবা আরও সহজ করার বৈশ্বিক উদ্যোগের অংশ হিসেবেই নিউইয়র্ক কনস্যুলেট এই কল সেন্টার চালু করেছে।

কনস্যুলেটের অধিক্ষেত্রাধীন ৯টি অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা গ্রহণে যোগাযোগের একটি নির্দিষ্ট ও সহজ মাধ্যম তৈরি করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। সংশ্লিষ্টদের আশা, নতুন ব্যবস্থার ফলে কনস্যুলেটের সঙ্গে প্রবাসীদের যোগাযোগ আরও সুসংগঠিত হবে।

একই সঙ্গে কনস্যুলার সেবা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পেতে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং সেবা গ্রহণের আগে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা পাওয়ার প্রক্রিয়াও আরও সহজ ও কার্যকর হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *