ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এক নারীকে ধর্ষণ ও ঘটনার ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলায় মো. আল আমিন (৩০) নামে এক আসামিকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার রাত ৯টা ৫ মিনিটের দিকে গাজীপুর মহানগরের সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আল আমিন রাণীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১৩-এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী।
র্যাবের দেওয়া তথ্য অনুযায়ী, মামলার এজাহারে ওই নারী অভিযোগ করেন, তিনি বাবার বাড়িতে গোসল করার সময় জনি নামে এক ব্যক্তি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে তিনি বাথরুম থেকে বের হলে বাইরে থাকা আল আমিন তাকে গলা ধরে পুনরায় বাথরুমে নিয়ে যান। এ সময় জনি তার ভিডিও ধারণ করেন এবং তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে। এরপর আল আমিনও তাকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
মামলার অভিযোগে আরও বলা হয়, ঘটনার ভিডিও সংরক্ষণ করে পরে তা অন্যত্র স্থানান্তর করা হয়। ওই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগী নারীকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এজাহার অনুযায়ী, গত ২ আগস্ট মামলার আরেক আসামি মাহবুব আলম তার মোবাইলে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় গত ২০ আগস্ট ওই নারী বাদী হয়ে রাণীশংকৈল থানায় গণধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলা হওয়ার পর আসামিরা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যান বলে জানিয়েছে র্যাব।








