সৌদি আরবের রিয়াদে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেছেন দেবিদ্বার উপজেলার (কুমিল্লা-৪) সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ। নয় দিনের সৌদি সফরে প্রবাসীদের কাছ থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাতীয় সংসদে তুলে ধরার আশ্বাস দিয়েছেন তিনি।
ওমরাহ পালন শেষে রিয়াদ সিটিতে পৌঁছালে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশন, সৌদি আরবের উদ্যোগে তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আয়োজক ও অতিথিরা।
প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব রুস্তম খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে বক্তব্য দেন জসিম সরকার, আনোয়ার পারভেজ, আব্দুল করিম, সেলিম সরকার, জাহাঙ্গীর আলম ও মাহবুবুর রহমানসহ আরও অনেকে।
মতবিনিময়ে হাসনাত আবদুল্লাহ প্রবাসীদের জন্য নির্বাচন-পূর্ব দেওয়া তিনটি ওয়াদা দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি আবারও ব্যক্ত করেন। তিনি বলেন, প্রবাসীদের কল্যাণে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।
সৌদি আরবে নয় দিনের সফরে প্রবাসীদের সঙ্গে কথা বলে তাদের নানা সমস্যা ও বাস্তবতার কথা জানতে পেরেছেন বলেও জানান তিনি। এসব সমস্যা দেশে ফিরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নজরে আনার পাশাপাশি সংসদ অধিবেশনেও তুলে ধরার আশ্বাস দেন সংসদ সদস্য আবুল হাসনাত আবদুল্লাহ।
অনুষ্ঠানে প্রবাসী দেবিদ্বার ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও সৌদি আরবে বসবাসরত দেবিদ্বারের প্রবাসীরা উপস্থিত ছিলেন।








